
জবি প্রতিনিধি:বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে "জুলাই বিপ্লবে জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ" শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১৩ আগস্ট (বুধবার) দুপুর ২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন সম্পন্ন হবে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সাহসী নারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে এবং পাশাপাশি নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এক সংবর্ধনা অনুষ্ঠান।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুন্নাহার রুমা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম রাকিব বলেন,
“জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা ছিলেন আমাদের শক্তির প্রতীক। তারা শুধু পাশে দাঁড়ায়নি, ভাইদের রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মুখে ফেলেছে। তাদের সাহসিকতা, আত্মত্যাগ ও অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।”
ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রায়হান রাব্বি বলেন,
“জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যে নিঃস্বার্থ ভূমিকা রেখেছিল তা আমি নিজের চোখে দেখেছি। কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছে, কিন্তু সেই ত্যাগের যথাযথ সম্মান এখনো দেওয়া হয়নি। অনেকেই নিজেকে আড়াল করে নিয়েছেন। তাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। যাদের সম্মাননা দেওয়া হবে, তা মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সাহসী নারীর প্রতি উৎসর্গ। একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর ক্ষুদ্র আয়োজনটিও থাকবে, যাতে তারা এই গৌরবময় ইতিহাসের সাক্ষী হতে পারে।”
অনুষ্ঠানে আলোচনা ছাড়াও থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।